পাবনার চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রি করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। কৃষকের জন্য বরাদ্দকৃত সার বাজারে না দিয়ে গুদামে মজুত করে রাখার অভিযোগ পাওয়া গেছে কয়েকজন ডিলারের বিরুদ্ধে। এরমধ্যে চাটমোহর রেলবাজার এলাকার বিসিআইসি ডিলার আঃ সালাম সরকার,ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম বাজারের মাসুদ ও মোহাম্মদ আলী,শরৎগঞ্জ বাজারের ইউনুস আলী ও মির্জাপুরের একজন ডিলার রয়েছেন। এসকল সার বিক্রেতা তাদের একাধিক গুদামে শত শত বস্তা ডিএপি,পটাশ,এমওপি,ইউরিয়া সার মজুত করে এলাকায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে। এসকল সার বিক্রেতা সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার বিক্রি করছেন। অন্যান্য সারও বিক্রি করা হচ্ছে বেশি দামে। একাধিক সূত্র জানায়,সরকারি বা বরাদ্দকৃত সার ছাড়াও এ সকল ডিলার ও খুচরা বিক্রেতা বাইরে থেকে কালোবাজারে সার কিনে গুদামজাত করছেন। তারা কৃষকদের কাছে সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছেন। একজন খুচরা সার বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান,ডিলাররা সরকারি দামের চেয়েও বস্তা প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দাম নিচ্ছেন,ফলে বিভিন্ন বাজারের খুচরা সার বিক্রেতারা সার পাচ্ছেন না।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন,বেশি দামে সার বিক্রির কোন সুযোগ নেই। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি ডিলার ও খুচরা বিক্রেতাদের সার বিক্রির বিষয়টি উপ সহকারি কৃষি কর্মকর্তাদের দিয়ে মনিটরিং করার কথা বললেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কৃষকেরা প্রতিনিয়তই বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।