
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে নিজ মাকে কাস্তে দিয়ে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারকে (৩৫) আটক করেছে। নিহত নারীর নাম সূর্য খাতুন (৫০)। তিনি ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত উদ্দিন সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন। আজ সকালে সূর্য খাতুন যখন রান্নাঘরে রান্না করছিলেন, তখন উদ্দিন তাঁর কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যান উদ্দিন।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে পাশের আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে উদ্দিন সরদারকে আটক করা হয়। তিনি ওই বাড়িতে জানালার গ্রিল কেটে লুকিয়ে ছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেই বাড়ি থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রটি পুলিশ জব্দ করেছে।