পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দুইজন এবং চাটমোহর উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৩জন নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ লাশ উদ্বার করেছে।
ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি জানান,ভাঙ্গুড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার দিলপাশার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার দিলপাশার ইউনিয়নের হাটউধুনিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কাজিটোল কমিনিউটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)পদে কর্মরত রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিম খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,স্বাস্থ্যকর্মী জহুরুল প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল কাজিটোল কমিনিউটি ক্লিনিকের উদ্দেশ্যে বের হন। পথে সকাল সাড়ে ১০ টার দিকে দিলপাশার রেলগেটের ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হচ্ছিলেন । এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. দুলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ভাঙ্গুড়ায় বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মজিরন খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার (১২ মার্চ) সকাল আটটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার দিয়ারপাড়া রেলগেট সংলগ্ন তেতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজিরন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলী বিশ্বাসের স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মজিরনের বাবার বাড়ি জেলার চাটমোহর উপজেলার বারকোনা গ্রামে। বুধবার সকালে মজিরন খাতুন বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে একাই বের হন। তিনি ফরিদপুর থেকে অটোভ্যান গাড়িতে চড়ে ভাঙ্গুড়ার দিয়ারপাড়া রেলগেটে গিয়ে নামেন। সেখান থেকে রেললাইন দিয়ে হেঁটে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে তেতুলতলা এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া পাবনার চাটমোহরে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের ধারণা,ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ গতকাল বুধবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে।