ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
- আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩৪ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়ায় রোজিনা খাতুন (৫৫) নামে এক নারীকে সম্পত্তির লোভে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। এতে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
২২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভাঙ্গুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিহতের ভাই দেলোয়ার হোসেন এ হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া খাঁ পাড়ায় নিজ বাড়িতে একা বসবাস করতেন তাঁর বোন রোজিনা খাতুন। গত ১৭ অক্টোবর রাতে তাঁর ভাসুর এনামুল হক, ভাতিজা রাশিদুল ইসলাম রাসেলসহ রাজিবুল ইসলাম, সুফিয়া খাতুন শাপলা ও শাহাজুল ইসলাম নান্নু বাড়িতে ঢুকে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। পরে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহতের ভাইয়ের দাবি, জমি লিখে দেওয়ার জন্য অভিযুক্তরা বিভিন্ন সময় রোজিনা খাতুনকে চাপ দিতেন। জমি লিখে না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন বলে দাবি করেন নিহতের স্বজনেরা। মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা এবং তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন দেলোয়ার হোসেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরে নিহতের গ্রাম চরভাঙ্গুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সাধারণ মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।














