বগুড়ার প্রখ্যাত আলেম ড. মাওঃ রেজাউল করিম আর নেই
- আপডেট সময় : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৬২ বার পঠিত

দেশবরেণ্য আলেমে দ্বীন, প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক হাফেজ ড. মাওঃ রেজাউল করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার পিত্তথলির অপারেশন চলাকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
মরহুম ড. রেজাউল করিম ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বৃহত্তর বগুড়া জেলা শাখার সাবেক সম্মানিত সভাপতি এবং জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী’র সাবেক নায়েবে আমির। এছাড়াও তিনি বুজর্গধামা কামিল মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করেছেন।
তাঁর কর্মজীবন ছিল বহুমাত্রিক। তিনি জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক নয়া দিগন্তের জয়পুরহাট জেলা প্রতিনিধি, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার মুফাসসির, বগুড়ার একজন সম্মানিত মাদরাসা প্রিন্সিপাল, রওজাতুল কুরআন মাদ্রাসা ও ইউনাইটেড হজ্জ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দারুস সুফফাহ মাদ্রাসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর নেতৃত্ব, জ্ঞান ও দায়িত্বশীলতা বহু শিক্ষার্থী ও সহকর্মীর জীবনে রেখেছে গভীর প্রভাব।
অপারেশনের আগে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন:
“হতেও পারে আজই আমার জীবনের শেষ দিন… সকলের কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ যেন এই গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন এবং দীনের উপর মৃত্যু দান করেন। আমীন।”
এই বার্তাটি পরিণত হয় তাঁর জীবনের শেষ কথায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে ইসলামি সমাজ, সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হলো। দেশের নানা প্রান্ত থেকে উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।












