ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৯:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৫০ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নয়ন চন্দ্র রায় (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নয়ন চন্দ্র রায় ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দাদপুর (মালিপাড়া) গ্রামের বৈশাগু রায়ের ছেলে।
গতকাল শুক্রবার (২৭ জুন) সকালে ফুলবাড়ী রেলস্টেশন থেকে দুই কিলোমিটার উত্তরের রেলওয়ের ২০ নং ব্রিজের পার্শ্বে ট্রেনে কাটা অবস্থায় নয়ন চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নয়ন চন্দ্র রায গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, নয়ন চন্দ্র রায়কে গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান করতে পারেননি। আজ শুক্রবার (২৭ জুন) সকালে রেলওয়ের ২০ নং ব্রিজের পার্শ্বে ট্রেনে কাটা অবস্থায় যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে মরদেহ বাড়ীতে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, নিহতের বাড়ীতে রেলওয়ে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











