চাটমোহরে সড়কে প্রাণ গেল অটোভ্যান চালকের
- আপডেট সময় : ১০:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১৩ বার পঠিত

পাবনার চাটমোহরে সড়কে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মারা গেলেন অটোভ্যান চালক সোহরাব আলী (৬০)। সে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল স্কুলপাড়ার শুকুর আলীর ছেলে। দূর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে চাটমোহর-জোনাইল সড়কের ধরইল ব্রিজের পাশে। এ ঘটনায় অটোভ্যান যাত্রী এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত নারী হলেন উপজেলার হরিপুর ইউনিয়নের পুরান শোয়াইল গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী পান্না খাতুন ওরফে পনো (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,নিহত অটোভ্যান চালক সোহরাব আলী অটোভ্যান নিয়ে চাটমোহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রলি গিয়ে অটোভ্যানে সজোরে ধাক্কা দেয়। এসময় অটোভ্যানসহ চালক ও যাত্রী সড়কের পাশের খালে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান অটোভ্যান চালক সোহরাব। আহত পনোকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।













