চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ২২৯ বার পঠিত

পাবনার চাটমোহরে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া দক্ষিণপাড়া মমিন বাজারের পাশের মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। ডিএনএফ মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলা নববর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে। ডিএনএফ মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ঘোড়দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কুদ্দুস সরকার। অনুষ্ঠানে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ফিরোজা পারভীন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকন,নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরজাহান বেগম মুক্তি,বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন,উপজেলা যুবলীগৈর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,ইউপি সদস্য যতন আলী,আব্দুস সাত্তার সিতার প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে,নড়াইল,টাঙ্গাইল,বগুড়া,পাবনা,নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে বাছাইকৃত ঘোড়া শনিবার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ঘোড়াগুলোকে ছোট,মাঝারি ও বড় এ তিন ভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার চূড়ান্ত বিজয়ীদের মাঝে ফ্রিজ,বাইসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
ঘোড়দৌঁড় প্রতিযোগিতা দেখতে আসা নাটোরের গুরুদাসপরি উপজেলার আলেপ উদ্দিন বলেন,ঘোড়দৌঁড় প্রতিযোগিতা আমাদের লোকজ সংস্কৃতির অংশ। দিনে দিনে এ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে। এ প্রতিযোগিতা দর্শককে চরম আনন্দ দেয়। এটাকে ধরে রাখা দরকার।
আয়োজক সংগঠন ডিএনএফ মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানা বলেন,ঘোড়দৌঁড় প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে ঘোড়দৌঁড় প্রতিযোগিতাকে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে।
বৈশাখের প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে পাবনা,নাটোর, সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পুরুষ এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতা উপভোগ করেন।









