চাটমোহরে পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে দিগুণ দামে বিক্রির অভিযোগ
- আপডেট সময় : ১১:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪২ বার পঠিত

জ্বালানি তেলের সংকটের সুযোগে পাবনার চাটমোহরে গড়ে উঠেছে সিন্ডিকেট। মোটরসাইকেল সিন্ডিকেটের দৌরাত্ম্যে পেট্রোল ও অকটেনের জন্য সাধারণ মোটরসাইকেল চালকরা জ্বালানি পাচ্ছেন না। বৈশাখের তাপদাহের মধ্যে দিনভর লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে তেল না পেয়ে বাধ্য হয়ে দ্বিগুণ দাম বাইরে থেকে পেট্রোল ও অকটেন কিনতে বাধ্য হচ্ছেন। অথচ সিন্ডিকেট সদস্যরা তেল পাম্প কর্তৃপক্ষের যোগসাজসে তেল নিয়ে বাইরে দিগুণ দামে বিক্রি করছে।
জ্বালানি নিতে মোটরসাইকেল নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র দেখানোর কথা বলা হলেও তা কেবল আইওয়াশ বলে অনেকের অভিযোগ। অভিযোগ রয়েছে খুচরা তেল বিক্রেতার পাশাপাশি কর্মহীন বেকার ও মাদকসক্ত যুবকেরা সিন্ডিকেটের সাথে জড়িত। সাধারণ মোটরসাইকেল চালকরা না পেলেও সিন্ডিকেট সদস্যরা দিব্যি তেল পাচ্ছে।
চাটমোহর পৌর সদরসহ উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে ও গোপনে দিগুন দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে,কিন্তু প্রশাসনিক কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না এসকল অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে।












