চাটমোহরে ফসলি জমির মাটি বিক্রি অভিযোগে ৫জন আটক,সরঞ্জামাদি জব্দ
- আপডেট সময় : ০২:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৩৯ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করার সাথে জড়িত থাকার অভিযোগে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাটি বিক্রিচক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে এস্কেভেটরের ব্যাটারিসহ সরঞ্জামাদি।
গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে এবং সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ বিল থেকে ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করার সময় ৩ জনকে আটক করা হয়। এ সময় এস্কেভেটর মেশিনের ৫টি ব্যাটারিসহ মাটি কাটা এবং যানবাহনের সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন, চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের শামসুল মোল্লার ছেলে মোতাহার মোল্লা (৪২),ঈশ্বরদী উপজেলার অরণখোলা এলাকার নূর মোহাম্মদের ছেলে মিতারুল ইসলাম (৩২) ও একই উপজেলার সরাইকাদি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রায়হান আলী (২৭)।
অপরদিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মাকিম হোসেনের ছেলে জামায়াত নেতা মাসুদ রানা (৩৩) এবং বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মহরম আলীকে (৩৬) আটক করা হয়। এসময় অবৈধ মাটি খনন কাজে ব্যবহৃত গিয়ার লিভার,ট্রলির স্টিয়ারিং এবং শ্যালো মেশিনের হ্যান্ডেল জব্দ করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে তিন ফসলী জমির মাটি কেটে ইটভাটাসহ অন্যান্য স্থানে বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে ৫জনকে আটক করা হয়। এ সময় এস্কেভেটরের পাঁচটি ব্যাটারিসহ অন্যন্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বৃহস্পতিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি গোলাম মোস্তফা।
এদিকে একাধিক সূত্র জানায়,উপজেলার অন্ততঃ ১০টি পয়েন্টে রাতের আঁধারে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করা হচ্ছে।












