পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পঠিত

পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন নাহার কলির টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে নিহত কলির সহপাঠী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাবার সঙ্গে বাড়ি ফেরার পর দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের শিশু শিক্ষার্থী কামরুন নাহার কলি নিখোঁজ হয়। দীর্ঘ সাত দিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটিকে কেন্দ্র করে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি। ঘটনায় মোস্তফা নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মানববন্ধনে কলি নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তাদের অভিযোগ, নিখোঁজের পর শিশুটির বাবা কয়েক দিন পুলিশের কাছে ঘুরলেও তাকে উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার; মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; নিহত শিশুর পরিবারের নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার ও সিসিটিভি ক্যামেরা স্থাপন, শিশু আইন-২০১৩ কার্যকরভাবে প্রয়োগ এবং স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা কমিটি গঠনের দাবি জানানো হয়। কলি নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা ব্যক্তির কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বক্তারা।
কর্মসূচিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওলিউর রহমান, সিনিয়র সহসভাপতি হেনা গোস্বামী, সহসভাপতি মো. ইকরামুল হক ও মো. বাবুল আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













