জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি নিশ্চিত করল বিএনপি
- আপডেট সময় : ০১:৩১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৩১৫ বার পঠিত

বিভিন্ন সময় অস্বীকারের পর অবশেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি সম্প্রতি মেটা কর্তৃপক্ষের মাধ্যমে ভেরিফায়েড হয়েছে। ব্লু টিকপ্রাপ্ত এই দুটি হ্যান্ডেল ছাড়া জাইমা রহমানের আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বিএনপির আইসিটি দপ্তরের উদ্যোগে ইতোমধ্যে ৫০টিরও বেশি ভুয়া ফেসবুক আইডি ও পেজ অপসারণ করা হয়েছে। এসব আইডি ও পেজ থেকে ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছিল। এখনও কিছু ভুয়া আইডি ও পেজ সক্রিয় রয়েছে, যেগুলো অপসারণের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বিএনপি সূত্রে জানানো হয়, জাইমা রহমানের ভেরিফায়েড আইডি দুটি হলো— ফেসবুকে facebook.com/zzrahman25 এবং ইনস্টাগ্রামে instagram.com/zzrahman25।
এ সময় মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের নামেও একাধিক ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। এসব পেজে এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট ভিডিও ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, ডা. জোবায়দা রহমানের কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট বা পেজ নেই।
নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে মাহদী আমিন বলেন, বর্তমানে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং চরিত্র হননের মতো কর্মকাণ্ড ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের অধীনে একটি ফ্যাক্ট-চেকিং সেল গঠনের দাবি জানিয়েছে বিএনপি। তিনি দ্রুত এ সেল কার্যকর করার আহ্বান জানান।















