ভাঙ্গুড়ায় ধর্ষণ মামলায় ছাত্রলীগ কর্মী আটক
- আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১৬৪ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ধর্ষণ মামলায় নাইম হোসেন (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার পৌরসভার সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইম সরদারপাড়ার বাসিন্দা মধু মোল্লার ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, নাইম ও সোনিয়া (ছদ্মনাম) নামে এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়েছিল প্রায় ছয় মাস আগে। তবে পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পরও নাইম মোবাইল ফোনে সোনিয়ার সঙ্গে পুনরায় প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রতিশ্রুতি দেয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ জানুয়ারি সোনিয়া তার বাবার বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সুযোগে নাইম বিকেলে ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে নাইম পালিয়ে যায়।
পরবর্তীতে সোনিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) অনুযায়ী আদালতে এজাহার দাখিল করেন। আদালত সেটি আমলে নিয়ে ভাঙ্গুড়া থানা পুলিশকে মামলা রুজুর নির্দেশ দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ নাইমকে গ্রেফতার করে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে নাইমের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।













