ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা
- আপডেট সময় : ০৭:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৭২ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘদিন যাবত আঁঠালো জেলি ও কেমিক্যাল দিয়ে দুধ বানানোর অপরাধে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও একলাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা-৩টা পর্যন্ত (১৮ এপ্রিল) উপজেলার অষ্টমনিষা ইউপি’র সিংগারি গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ দেন। অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী হলেন,উপজেলার সিংগাড়ী গ্রামের মৃত আঃ গফুরের ছেলে ফারুক হোসেন। অভিযানে ভেজাল দুধ তৈরি প্রায় ৩ লাখ টাকা মূল্যের ২শ’ লিটার জেলি জব্দ করা হয়।
ঘটনার সূত্রে জানা গেছে,উপজেলার সিংগারি গ্রামের দুধ ব্যবসায়ী ফারুক হোসেন দীর্ঘদিন যাবত ভেজাল বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোছাঃ রোমানা আক্তার রোমি,ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক অপূর্ব সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় জব্দকৃত ভেজাল জেলি জনসম্মুখে ধবংস করা হয়।
ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) বলেন, ভেজাল দুধ তৈরির অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং এক লক্ষ টাকা দন্ডাদেশ প্রদান করা হয়েছে।













