সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনয়ন পাওয়ায় আরিফা সুলতানা রুমার কৃতজ্ঞতা প্রকাশ
- আপডেট সময় : ০৫:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২৮৫ বার পঠিত

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় মহান আল্লাহ্ তায়ালার প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করেছেন আরিফা সুলতানা রুমা। তিনি বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তিনি এই সম্মানজনক দায়িত্ব লাভ করেছেন।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। একই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের প্রতি, যারা তাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন।
আরিফা সুলতানা রুমা তার বক্তব্যে মরহুম মা-বাবাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং পরিবারের সদস্যদের—বিশেষ করে তার ছোট বোন ও ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।
এছাড়াও দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান তিনি, যাদের সমর্থন ও দোয়া তাকে দীর্ঘদিনের সংগ্রামের পথে সাহস জুগিয়েছে।
বিশেষভাবে পাবনার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিকূলতা ও কঠিন সময়েও তারা তার পাশে ছিলেন। তাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের কারণেই তিনি এই সম্মান অর্জন করতে পেরেছেন। তিনি আজীবন পাবনার মানুষের ‘মেয়ে ও বোন’ হয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে, রাজনৈতিক সহযোদ্ধা ভাই-বোনদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত দুই দশকের আন্দোলন-সংগ্রামে তাদের অনুপ্রেরণা ও সাহস তাকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে। তিনি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।















