সাঁথিয়ায় এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১১৪ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার চুলকাটাই গ্রামের মাঠের মধ্যে ধানক্ষেতে সাইফুল ইসলাম(৫৫)নামের এক অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করে ফেলে রেখে যায় বলে নিশ্চিত করেছেন পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে সকালে লাশ উদ্ধার করেছেন। বুধবার(১৮ সেপ্টেম্বর)ভোর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই-ভায়নাপাড়া সড়কের ধান ক্ষেতের পাশে কৃষকেরা মাঠে গেলে গলা কাটা লাশ দেখতে পান। এ সময় তাঁরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ দেখি এবং থানা পুলিশক খবর দেওয়া হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের পর তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং পাবনা সদর থানার এএসপি সার্কেল মাহফুজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।













