নির্বাচন কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪২ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য মতবিনিময়কালে’ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনার।
২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।
এই নির্বাচন কমিশনের অধীনে এ বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩টি, স্বতন্ত্র ৫৬টি, জাতীয় পার্টি ১১টি এবং জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে বিজয়ী হয়।














