সলঙ্গায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
- আপডেট সময় : ০৫:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৭১ বার পঠিত

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলকপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুর রহিমের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে পরিবারের সবাই দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা-পয়সাসহ প্রয়োজনীয় সবকিছুই আগুনে পুড়ে যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শাহাদাৎ হোসেন।
এদিকে, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত আব্দুর রহিম স্থানীয় প্রশাসন ও সহৃদয় ব্যক্তিদের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।













